পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী ও প্রবাসে অবস্থানরত সব বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শুভেচ্ছা জানান তিনি।
পোস্টে জামায়াত আমির লিখেন,বছর ঘুরে পবিত্র রমাদানুল কারিম আমাদের দুয়ারে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের এই পবিত্র মাসে কোরআনের শিক্ষাকে রপ্ত করা, ধারণ করা এবং অনুশীলনের মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ করা ও সমাজকে বরকতময় সমাজে পরিণত করার জন্য সম্মিলিতভাবে আমাদের দেশের মুসলিম জনগোষ্ঠীকে আমল করার তাওফিক দিন।

তিনি লিখেন, পবিত্র এই রমাদান আমাদের জীবন থেকে সকল গ্লানি, গুনাহখাতা ও সীমালঙ্ঘনের মানসিকতা মুছে দিক।এই রমাদানে আমরা অসহায়-দুঃস্থ মানুষের দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দিই।
জামায়াত আমির লিখেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় দেশের প্রতি রহম করুন, শান্তির ফায়সালা দান করুন এবং জনগণের আকাঙ্ক্ষার জনপদ গড়ে তোলার তাওফিক আমাদের সকলকে দান করুন।