জি-নিউজ ডেস্কঃ
জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারেক রহমান নেতৃত্বে বিএনপি সরকার গঠন করল। দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। এই মুহূর্তে দেশের ইতিহাসে ৩৫ বছর পর প্রথমবারের মতো একজন পুরুষ প্রধানমন্ত্রী পদে আসীন হলেন।
এদিকে তারেক রহমান এবং তার পরিবারের ঝুলিতে যুক্ত হলো নতুন রেকর্ড। বিশ্বে অল্প কয়েকটি রাজনৈতিক পরিবার আছে, যাদের তিন সদস্য কোনো দেশের রাষ্ট্র কিংবা সরকার প্রধানের গুরু দ্বায়িত্ব সামলেছেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে তারেক রহমানের শপথের মধ্য দিয়ে এই পরিবার গুলোর তালিকায় নাম লেখালো জিয়া পরিবারও। বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার পর এবার দেশ পরিচালনার ভার নিচ্ছেন ছেলে তারেক রহমান।
১৯৯১ সালে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বেগম খালেদা জিয়া। সে সময় পাঁচটি আসনে জয়ী হয়ে চমক সৃষ্টি করেছিলেন বিএনপি চেয়ারপারসন। ঠিক ৩৫ বছর পর তারই যোগ্য উত্তরসূরি তারেক রহমানও নিজের প্রথম নির্বাচনে অংশ নিয়ে বাজিমাত করেন। প্রথম নির্বাচনে অংশ নিয়ে দুই আসনেই দাপুটে জয় পান তিনি। মা ও ছেলের এই রাজনৈতিক পুনরুত্থানের সাদৃশ্যকে ইতিবাচক হিসেবে দেখছে দেশের মানুষ।
১৯৯০ সালের গণ-অভ্যুত্থানে স্বৈরাচার এরশাদ সরকারের পতনের পর থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদটি অলংকৃত করে আসছিলেন দুই নারী নেত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা। ১৯৯০ সালে কাজী জাফর আহমেদ ছিলেন বাংলাদেশের সর্বশেষ পুরুষ প্রধানমন্ত্রী। এরপর থেকে ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮ এবং পরবর্তী নির্বাচনগুলোতে পর্যায়ক্রমে খালেদা জিয়া ও শেখ হাসিনাই সরকার প্রধানের দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের হাত ধরে যে নির্বাচনের চাকা ঘুরেছে, তাতেই দীর্ঘ ৩৫ বছর পর একজন পুরুষ প্রধানমন্ত্রীর অভিষেকের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ।