শ্রীপুরে স্কুল বারান্দায় বৃদ্ধ ভিক্ষুকের মৃত্যু: ব্যাগে পাওয়া গেলো ৭০ হাজার টাকা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে আবুল হোসেন (৫৯) নামে এক বৃদ্ধ ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের কাপড়ের ব্যাগ থেকে নগদ ৭০ হাজার ৮৬০ টাকা উদ্ধার করে পুলিশ।

​মঙ্গলবার (১২ মে) সকাল ৯টার দিকে উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার হরিণটানা গ্রামের আবু তালেবের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেন পেশায় একজন ভিক্ষুক ছিলেন। সোমবার রাতে তিনি নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় রাত্রিযাপন করেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা তাকে সেখানে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। এর কিছুক্ষণ পর সকাল ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এসময় নিহতের ব্যাগ তল্লাশি করে নগদ ৭০ হাজার ৮৬০ টাকা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ভিক্ষাবৃত্তির মাধ্যমে সঞ্চিত টাকাগুলো তিনি সবসময় নিজের কাছেই রাখতেন।

​শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান,নিহতের পরিচয় পাওয়া গেছে, স্বজনদের খবর দেওয়ার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ও উদ্ধারকৃত টাকা পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।