গাজীপুরের শ্রীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। শুক্রবার গ্রেপ্তাররকৃত মায়ারানি রবিদাস (৫০) আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া মদের আনুমানিক মূল্য ১০ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মালিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মায়ারানি রবিদাসের বসতঘরের টিনশেড কক্ষ থেকে ২৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।গ্রেপ্তার মায়ারানি রবিদাস মালিপাড়া এলাকার মৃত সৈয়া রবিদাসের স্ত্রী এবং ফেকু রবিদাসের মেয়ে।

শুক্রবার (৫ জুন) শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি ২৪(খ) ধারায় একটি মামলা রুজু করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উদ্ধারকৃত মদ জব্দ করে অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।