শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
আজ শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকায় ‘আবিদ ডাইং’ কারখানার সামনের ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এক পথচারী প্রথম ময়লার স্তূপে মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে আশেপাশের লোকজন জড়ো হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিষয়টি শ্রীপুর থানা পুলিশকে অবহিত করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত যুবকের বয়স আনুমানিক ৪০ বছর। উদ্ধারের সময় তার পরনে ছিল একটি সাদা টি-শার্ট ও প্যান্ট। তবে তাৎক্ষণিকভাবে তার নাম কিংবা বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ তার পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যু বা নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।