শ্রীপুরে ট্রাক চালককে পিটিয়ে গুরুতর আহত, ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক।। শ্রীপুর (গাজীপুর) গাজীপুরের শ্রীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা খাদ্য গুদামের এক মালবাহী ট্রাক চালককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসায়ী সিয়ামের (২৭) বিরুদ্ধে। অভিযুক্ত সিয়াম উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারন (খলারটেক) গ্রামের ইউসুফ আলীর ছেলে। আহত গাড়ী চালক মোঃ সুজন ভোলা জেলার সদর থানার আবু তাহেরের ছেলে।
আজ শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার রেলস্টেশন এলাকার খাদ্য গুদামের পাশে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আহত ট্রাক চালককে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তার চোখের গুরুতর জখম দেখে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন।
স্থানীয় ব্যবসায়ী আব্দুর রহমান জানান, দুপুরে উপজেলা খাদ্য গুদামের একটি মালবাহী ট্রাক গুদামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকের সঙ্গে লেগে ডিসের তার ছিঁড়ে গেলে স্থানীয় ব্যবসায়ী সিয়াম ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি চালককে ব্যাপক মারধর করেন।
ঘটনার পরপরই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সিয়ামকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জুনায়েদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিত নিয়ন্ত্রনে আনে। এসময় সিয়াম নামে একজনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।