​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ মেগা প্রকল্পের অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বনবিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলা পর্যায়ে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ এবং মাঠ পর্যায়ে ‘উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটি’র সদস্যদের নিয়ে সরাসরি বৃক্ষরোপণ অভিযানের সূচনা করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন শ্রীপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভাপতি মোঃ নাহিদ ভূঞা।
​প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশ এক যুগান্তকারী পদক্ষেপ। নতুন প্রজন্ম অর্থাৎ আমাদের ছাত্র-ছাত্রীদের হাত ধরেই এই সবুজ বিপ্লব সফল হবে। তবে শুধু চারা রোপণ করলেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সদস্য সুমাইয়া সুলতানা বন্যা এবং সহকারী কমিশনার (ভূমি) ও কমিটির সদস্য জনাব মোঃ সাইদুল ইসলাম।

​এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সদস্য ও এলজিইডি (LGED) উপজেলা প্রকৌশলী মোঃ তৌহিদ হোসেন এবং শ্রীপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (আরডিও) আরিফা আক্তার।

​উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মাঠ পর্যায়ে নিজে হাতে চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। এরপর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। উপস্থিত সকলে মাননীয় প্রধানমন্ত্রীর এই মহৎ উদ্যোগকে সফল করতে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।