​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসির বাজার এলাকায় বাস, মিনিবাস ও মিনি কাভার্ডভ্যানের মধ্যে এক ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় ১০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

​শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১১টার দিকে
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার ইউটার্নে এ ঘটনা ঘটে।

​স্থানিয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে শ্রীপুরের এমসির বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি দ্রুতগামী বাস, মিনিবাস এবং মিনি কাভার্ডভ্যানের মধ্যে আকস্মিক সংঘর্ষ হয়। “হঠাৎ বিকট শব্দ শুনে আমরা এগিয়ে আসি। এসে দেখি তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে এবং তাকওয়া পরিবহনের মিনিবাসটি রাস্তার মাঝে উল্টে পড়ে আছে। আমরা দ্রুত বাসের জানালা ও দরজা দিয়ে ভেতরে আটকে পড়া আহত যাত্রীদের উদ্ধার করি।” সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, যাত্রীবাহী একটি ‘তাকওয়া পরিবহন’ এর মিনিবাস মহাসড়কের ওপর উল্টে যায়। আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।

​এদিকে দুর্ঘটনার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই লেনে বেশ কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বিঘ্নিত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন মহাসড়কে চলাচলকারী যাত্রীরা।খবর পেয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করে।

হাইওয়ে পুলিশ জানায়, রেকারের সাহায্যে সড়ক থেকে গাড়িগুলো সরিয়ে নেওয়ার কাজ চলছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।