​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ৬শ’ ৮০টি পরিবারের মাঝে তৃতীয় পর্যায়ের এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।

​উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আজ বুধবার (১৭ জুন) বিকেল আড়াইটায় মাওনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বদনীবাঙ্গা হান্নান জনসেবা সংঘ প্রাঙ্গণে ৩য় পর্যায়ের এই পাইলোটিং কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা ভাতা দেওয়া হবে।

​গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের বিশেষ নির্দেশনা ও উদ্যোগে দেশব্যাপী চলমান সমাজকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে এই কার্ড বিতরণ করা হচ্ছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আয়োজিত মূল কেন্দ্রীয় কর্মসূচি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান কম্পিউটারের সুইচ টিপে দেশব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন। তারই অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুরে এই আঞ্চলিক বিতরণী সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্ড বিতরণ করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে কার্ড তুলে দেন তিনি।

এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক নারী-পুরুষ অনুষ্ঠানে অংশ নেন।

ফ্যামিলি কার্ডপ্রাপ্ত পেয়ে পরিবারের সদস্যরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁদের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের কর্মসূচি নিম্ন ও মধ্যআয়ের মানুষের জন্য সহায়ক ভূমিকা রাখবে।