৩ নভেম্বর সাধারণ নির্বাচন: নিউইয়র্ক প্রাইমারিতে বিজয়ীদের নাম ঘোষণা

মোঃ নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি:

নিউইয়র্ক অঙ্গরাজ্যে আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে সামনে রেখে ২৩ জুন ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান পার্টির প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেসব পদে একক প্রার্থী ছিলেন, সেসব ক্ষেত্রে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের মনোনয়ন লাভ করেন।

গভর্নর পদে ডেমোক্র্যাটিক দলের বর্তমান গভর্নর ক্যাথি হোকুল এবং রিপাবলিকান দলের ব্রুস ব্লেকম্যান নিজ নিজ দলের মনোনয়ন নিশ্চিত করেছেন। অ্যাটর্নি জেনারেল পদে ডেমোক্র্যাটিক দলের লেটিশিয়া জেমসও বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনোনয়ন পান।

প্রাইমারিতে নিউইয়র্ক কম্পট্রোলার, কংগ্রেস, স্টেট সিনেট, স্টেট অ্যাসেম্বলি, জুডিশিয়াল ডেলিগেট ও অলটারনেট জুডিশিয়াল ডেলিগেটসহ বিভিন্ন পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আগাম ভোট ও অ্যাবসেন্টি ব্যালটের মাধ্যমেও বিপুল সংখ্যক ভোটার অংশ নেন।

বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সম্পৃক্ত প্রার্থীদের মধ্যে কংগ্রেসম্যান হাকিম জেফরিজ, গ্রেস মেং, আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ এবং গ্রেগরি মিক্স নিজ নিজ আসনে শক্ত অবস্থান ধরে রেখেছেন। এছাড়া বিভিন্ন স্টেট সিনেট ও অ্যাসেম্বলি জেলায় একাধিক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করেন।

এবারের প্রাইমারিতে ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল বলে নির্বাচন পর্যবেক্ষকরা জানিয়েছেন। বিজয়ী প্রার্থীরা আগামী ৩ নভেম্বরের সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করবেন।