শ্রীপুরে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: দেশব্যাপী জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন–২০২৬-এর অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

​আজ ২৮ জুন (রবিবার) সকাল সাড়ে ৮টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাহিদ ভূঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার (RMO) ডা. তোফায়েল হোসেন, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. আল নাফিস এবং সহকারী সার্জন ডা. বিজন মালাকার।

​এছাড়াও এমটি (ইপিআই) মাজেদ আহমেদ সোহাগ, হেলথ ইন্সপেক্টর (ইনচার্জ) জাহানারা শবনম, এএইচআই মো: আমিরুজ্জামান, পরিসংখ্যানবিদ জহিরুল ইসলাম এবং হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

​সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ-সবল ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য বিভাগ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য অর্জনে উপজেলার নির্দিষ্ট ও যোগ্য বয়সী সকল শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

​দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রোগমুক্ত ও সুস্থ রাখতে সকল যোগ্য বয়সী শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এই জাতীয় ক্যাম্পেইন সফল করার জন্য উপজেলার সকল অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।