গাজীপুর: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেল চক্রের অন্যতম হোতা মো. রুবেল খাঁ (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৩৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ৯৯ হাজার টাকা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানার পেয়ারাবাগান রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করতেন এবং জাল কাগজপত্র তৈরি করে চোরাই মোটরসাইকেল বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।

অভিযানে আরও উদ্ধার করা হয়েছে ৫টি ল্যাপটপ, ৩টি প্রিন্টার, বিআরটিএর জাল রেজিস্ট্রেশন সংক্রান্ত কাগজপত্র, ই-রেজিস্ট্রেশন কার্ড, পুলিশের পোশাক ও সরঞ্জাম, ভুয়া পরিচয়পত্র, ওয়াকিটকি সেট, সিম, মেমোরি কার্ডসহ বিভিন্ন জাল নথিপত্র।

জিএমপি জানিয়েছে, এ ঘটনায় গাছা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।