​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় সাতটি ফার্মেসিকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবিষ্যতে এ সকল ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে।

​রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি ও শ্রীপুর উপজেলা সদরের কয়েকটি দোকানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির।

​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর বিভিন্ন ধারায় অনিয়মের অভিযোগে সাতটি দোকানকে জরিমানা করেন। উপজেলার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় জয়নাল মেডিকেল হলকে ৫ হাজার টাকা,মা-বাবা মেডিকেল কর্ণারকে ১৫ হাজার টাকা,তাওহীদ ড্রাগ হাউজকে ১৫ হাজার টাকা, শ্রীপুর উপজেলা সদরে জনসেবা ঔষধালয়কে ২০ হাজার টাকা, প্রত্যাশা মেডিকেল হলকে ১০হাজার টাকা, নুর ফার্মেসিকে ১০ হাজার টাকা ও তারেক মেডিকেল হলকে ৫ হাজার সহ মোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

​অভিযানকালে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে মজুত এবং অন্যান্য অনিয়মের প্রমাণ পান। পরে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির বলেন, ‘শ্রীপুর বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বিভিন্ন অনিয়মের দায়ে সাতটি প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

​অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের কর্মকর্তারাও অংশ নেন।