কালিগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন এমপি ফজলুল হক মিলন
মোঃ ইব্রাহিম খন্দকার
কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি //
গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।
আজ সকাল ১১টায় তিনি কেন্দ্রটিতে যান এবং পরীক্ষার্থীরা যাতে সুন্দর, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে ব্যাপারে খোঁজখবর নেন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক সুব্যবস্থাপনা নিশ্চিত করতে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের অধ্যক্ষসহ পরীক্ষা পরিচালনার দায়িত্বে নিয়োজিত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
কেন্দ্র পরিদর্শনকালে সংসদ সদস্য পরীক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের মনোবল ধরে রেখে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান। তিনি কেন্দ্র কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে বলেন, প্রতিটি পরীক্ষা কক্ষে যেন পর্যাপ্ত আলো ও বাতাসের ব্যবস্থা থাকে, যাতে তীব্র গরমে পরীক্ষার্থীদের কোনো কষ্ট না হয়। এছাড়া পরীক্ষা চলাকালীন কোনো শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে যেন মেডিকেল টিমের মাধ্যমে তাৎক্ষণিক জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়, সে বিষয়েও তিনি বিশেষ পরামর্শ দেন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে আরও উপস্থিত ছিলেন—
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারওয়ার লিমা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ,কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সংশ্লিষ্ট অধ্যাপক ও প্রভাষকবৃন্দ।
পরিদর্শন শেষে সংসদ সদস্য পরীক্ষার সার্বিক শৃঙ্খলা ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং পরীক্ষা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।