কাপাসিয়ায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ

কাপাসিয়া (গাজীপুর) থেকে শামসুল হুদা লিটন:

গাজীপুরের কাপাসিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন শাক-সবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
১৫ জুলাই বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব সবজি বীজ ও সার প্রদান করা হয়।

আনুষ্ঠানিক ভাবে সবজি বীজ ও সার সহায়তা প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুন।
উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর -৪, কাপাসিয়া আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইউবী।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদ আকন্দের পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা শেফাউল হক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আজগর হোসেন খান, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির,
অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিক, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন প্রমুখ। এসময় অন্যান্যের মাঝে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কৃষি অফিস সূত্র জানায়, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কাপাসিয়া উপজেলার ১১ টি ইউনিয়নের ৮’শ জন কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষক প্রতি ৭ ধরনের সবজি বীজ (কলমিশাক -১৬০ গ্রাম, লাউ -১৫ গ্রাম, চালকুমড়া -৫ গ্রাম, পুঁইশাক-১০০ গ্রাম, বেগুন-৫ গ্রাম, শশা-৫ গ্রাম, মিষ্টিকুমড়া-১০ গ্রাম) সর্বমোট-৩’শ গ্রাম সবজি বীজ এবং ১৫ কেজি ডিএপি সার ও ১৫ কেজি এমওপি সার সহায়তা প্রদান করা হয়।
স্থানীয় সংসদ সদস্য সালাহ উদ্দিন ও উপস্থিত অতিথিরা আনুষ্ঠানিক ভাবে কৃষকদের মাঝে এ সকল উপকরণ সহায়তা প্রদান করেন।