ভারতীয় সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আহত বাংলাদেশি, ঢাকায় চিকিৎসাধীন

মোঃ জিয়াউল হক,শেরপুর প্রতিনিধি :

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করতে গিয়ে এক বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে হালুয়াঘাট উপজেলার বুটিয়াপাড়া সীমান্ত দিয়ে উত্তর নলকুড়া গ্রামের বাসিন্দা মো. আনোয়ার হোসেন (৪৫) চোরাচালানী মালামাল সংগ্রহের উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেন। তিনি প্রায় ৩০০ থেকে ৩৫০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে কাটাতার নিকটবর্তী এলাকায় গেলে অজ্ঞাতনামা ভারতীয় পাহাড়ী/গারো ব্যক্তিদের হামলার শিকার হন।

এতে তিনি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তিনি বাংলাদেশে ফিরে এলে স্বজনরা দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

সূত্র আরও জানায়, আহত আনোয়ার হোসেন পূর্বেও অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুষ্কৃতিকারীদের হামলার শিকার হয়েছিলেন। এছাড়া তার বিরুদ্ধে সীমান্ত এলাকায় অনৈতিক চোরাকারবারীর অনেক অভিযোগ রয়েছে।

বিজিবি জানিয়েছে, আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তারা ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।