বিশেষ প্রতিনিধি, শ্রীপুর: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় গত ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষে শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপি এবং এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক বিশাল বিজয় মিছিলের আয়োজন করা হয়।

​শ্রীপুর টেংরা রাস্তার মোড় থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য বিজয় মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: এস এস রফিকুল ইসলাম বাচ্চু। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

​মিছিলটি শুরুর আগেই শ্রীপুর উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং হাজার হাজার সাধারণ মানুষ টেংরা মোড়ে জমায়েত হতে থাকেন। মুহূর্তের মধ্যেই পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।

​বিজয় মিছিল শেষে আয়োজিত সমাবেশে সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “ছাত্র-জনতার আত্মত্যাগ ও বীরত্বপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা এক রক্তক্ষয়ী স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়েছিলাম। এই বিজয় সাধারণ মানুষের, এই বিজয় গণতন্ত্রকামী জনতার। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে অর্জিত এই স্বাধীনতা ও গণতন্ত্রকে রক্ষা করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

​সমাবেশে শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং দেশের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।