শ্রীপুরে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠেছে গ্রামবাসী: মাদক কারবারিদের সামাজিক বয়কটের হুঁশিয়ারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় গ্রামবাসী। এলাকায় মাদকের বিস্তার রোধে প্রয়োজনে মাদক কারবারিদের সমাজচ্যুত (একঘর) করা এবং তাদের বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার মতো কঠোর সামাজিক পদক্ষেপের হুশিয়ারি দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের ভেকু মার্কেট এলাকায় শ্রীপুর-গফরগাঁও আঞ্চলিক সড়কে এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে এই হুঁশিয়ারি দেন বক্তারা। স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যের ঐক্য ফাউন্ডেশন’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে তারুণ্যের ঐক্য ফাউন্ডেশনের সভাপতি মো. মারুফ হোসেন বলেন,”মাদকের ভয়াবহতা আজ স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। আমাদের এলাকায় আজকের পর থেকে কাউকে মাদক ব্যবসা বা সেবন করতে দেওয়া হবে না। যুব ও তরুণ সমাজকে বাঁচাতে প্রয়োজনে মাদক কারবারিদের একঘর করা হবে।”
কর্মসূচিতে মোবাশ্বের জুয়েল নামের এক স্থানীয় বক্তা বলেন, মাদকের ভয়াবহতা ক্যানসারের চেয়েও দ্রুত ছড়ায়, যা শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো সমাজ ও রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, মাদক কারবারিদের ব্যবসা ছাড়তে হবে, অন্যথায় তাদের সামাজিক শাস্তির মুখোমুখি হতে হবে এবং এলাকা ছাড়া করা হবে।

মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দও একাত্মতা প্রকাশ করে কঠোর বার্তা দেন। বিএনপি নেতা আতাউর রহমান আতা বলেন, “আজকের পর থেকে এই অঞ্চলে কেউ মাদক ব্যবসা করলে তাদের হাত-পা ভেঙে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। প্রয়োজনে তাদের বসতবাড়ি গুঁড়িয়ে এলাকা ছাড়া করা হবে।”
কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন মণ্ডল এটিকে চূড়ান্ত বার্তা হিসেবে উল্লেখ করে বলেন, “মাদক ব্যবসা ও সেবন অবিলম্বে বন্ধ না করলে কঠোর সামাজিক আন্দোলন ও শাস্তি শুরু হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।”
উক্ত মানববন্ধনে কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য জসিম উদ্দিন দাদন মীর ও সংরক্ষিত নারী সদস্য পারভীন আক্তার নিশিসহ এলাকার সাধারণ জনগণ উপস্থিত থেকে মাদকের বিরুদ্ধে একাত্মতা ঘোষণা করেন।