শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এক প্রবাসীর বাড়িতে ঢেঁকি দিয়ে প্রধান ফটক (দরজা) ভেঙে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার গোসিংগা ইউনিয়নের পাঁচলটিয়া গ্রামের মো. ছামাদ মোল্লার বাড়িতে গভীর রাতে এই ঘটনা ঘটে। ডাকাত দল ওই বাড়ি থেকে ১৭ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকাসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি শ্বশুরবাড়ি থেকে ছামাদ মোল্লার মেয়েরা বেড়াতে এসেছিলেন। পরিবারের সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে আনুমানিক রাত ২টার দিকে হঠাৎ বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। এ সময় ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঢেঁকি দিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।
ছামাদ মোল্লার নাতী রাকিবুল ইসলাম সজিব বলেন, খবর পেয়ে সকালে এসেছে এটা আমার নানুর বাড়ি। যারা এই দুর্ধর্ষ ডাকাতির সাথে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।
ভুক্তভোগী ছামাদ মোল্লার স্ত্রী সুরাইয়া খাতুন জানান, ডাকাতরা ঘরে ঢুকেই প্রথমে সবার মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর ধারালো রামদা ও লম্বা ছুরির মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে। মুখ বাঁধা অবস্থায় ৪ জন ডাকাত ঘরের ভেতর তাণ্ডব চালায় এবং বাকি ৪-৫ জন বাইরে পাহারায় থাকে। প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এই লুটপাটে ডাকাতরা ঘরের সব আসবাবপত্র তছনছ করে। একপর্যায়ে তারা মেয়েদের ১৭ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকাসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুটে নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। প্রাণভয়ে পরিবারের কেউ চিৎকার করার সাহস পাননি।
এই বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহীনুর আলম জানান, পাঁচলটিয়া গ্রামে ডাকাতির খবর পাওয়ার পরপরই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ”বাড়ির মালিককে লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। অভিযোগ পাওয়া মাত্রই জড়িতদের গ্রেফতারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”