গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে দুই স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। ঘটনার পর সুবর্ণাকে উদ্ধার করা গেলেও পানিতে তলিয়ে যায় মীম। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের চেষ্টায় ৫ঘন্টা পর মীমের মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে গোসিংগা ইউনিয়নের খোজেখানী গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।

নিহত মারজিয়া আক্তার মিম খোজেখানী গ্রামের মিলনের মেয়ে।সে গোসিংগা খোঁজেখানী আয়েশা সিদ্দিকা দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ছিল। সুবর্ণা একই গ্রামের শ্যামলের মেয়ে সে গোসিংগা খোঁজেখানী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দুইটার দিকে মিম ও সুবর্ণা বাড়ির পাশে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। তারা দুজনেই সাঁতার জানত না। গোসলের এক পর্যায়ে পানির স্রোতে তারা তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।

​স্থানীয়রা তাৎক্ষণিকভাবে সুবর্ণাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সাথে উদ্ধার কাজে অংশ নেয়। দুই শিক্ষার্থীর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ওই এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

শ্রীপুর থানার পরিদর্শক অপারেশন সঞ্জয় সাহা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।