গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী এক সিএনজিচালিত অটোরিকশা-ড্রাম ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচ পরিক্ষার্থী আহত হয়েছে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মাওনা এলাকার আল-হেরা মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখান থেকে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে আহত দুই শিক্ষার্থীকে পুলিশ সদস্যরা দ্রুত পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন, যাতে তারা পরীক্ষায় অংশ নিতে পারে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো- জাহিদ হাসান (১৬), আবির (১৬), সজীব (১৬), আহাদ (১৬) ও পাপ্পু (১৬)। তারা সবাই উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের চলমান এসএসসি পরিক্ষার্থী। তাদের সবার বাড়ি উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে।

হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান সজল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়।ম আমার স্কুলের দুই শিক্ষক। তাদের মাওনা আলহেরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে পরিক্ষা কেন্দ্রে পাঠানো হয়। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি বিষয়টি খুবই মর্মান্তিক। আহত তিনজন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ নেওয়া হয়েছে বাকি দুজন পরিক্ষা কেন্দ্রে গিয়েছে।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সৌরভ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। অভিযুক্ত ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।