শ্রীপুরে চোলাই মদের আস্তানায় পুলিশের অভিযান, আটক ৩

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে গহীন গজারি বনে গড়ে তোলা একটি চোলাই মদের আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ১২০ লিটার চোলাই মদসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের পোষাইদ এলাকার গহীন বনে এ অভিযান চালানো হয়।

​আটককৃতরা হলেন— উপজেলার পোষাইদ গ্রামের বাসিন্দা সুকুমার বর্মন (২৮), জোনাকি রানী (৩২) ও মায়া রানী (৩৮)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরমী ইউনিয়নের পোষাইদ এলাকার নির্জন গজারি বনের ভেতরে একটি বাড়িতে দীর্ঘদিন ধরে গোপনে দেশীয় চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিলেন অভিযুক্তরা। এলাকাটি লোকালয় থেকে বেশ দূরে হওয়ায় তারা অবাধে এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। স্থানীয়রা বিষয়টি নিয়ে অতিষ্ঠ হয়ে শ্রীপুর থানা পুলিশকে অভিযোগ জানান।

​অভিযোগের ভিত্তিতে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশারের নেতৃত্বে পুলিশের একটি দল স্থানীয় এলাকাবাসীর সহায়তায় ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মদ তৈরির সরঞ্জামসহ ৬টি ড্রামে থাকা ১২০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। এ সময় হাতেনাতে আটক করা হয় তিন মাদক কারবারিকে।

​অভিযানের বিষয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাদী মোহাম্মদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২০ লিটার মদসহ তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”