শ্রীপুরে কৃষকদল নেতাকে লক্ষ্য করে গুলি, আতঙ্কে হাসপাতালে ভর্তি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে কৃষকদল নেতা মো. জজ মিয়াকে (৫০) লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। তবে তিনি অলৌকিকভাবে গুলিবিদ্ধ হওয়া থেকে বেঁচে গেলেও ঘটনার আকস্মিকতায় আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন।

শনিবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে উপজেলার ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

​আক্রান্ত মো. জজ মিয়া গাজীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে মহাসড়কের পাশে অবস্থিত নিজের কার্যালয়ে অবস্থান করছিলেন জজ মিয়া। রাত ১০টার দিকে একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি কার্যালয়ের সামনে এসে থামে। কিছু বুঝে ওঠার আগেই তাদের একজন বা একাধিক ব্যক্তি মো. জজ মিয়ার দিকে লেজার লাইট দিয়ে আলো ফেলতে থাকে। এর পরপরই তাকে লক্ষ্য করে ২ থেকে ৩ রাউন্ড গুলি ছোড়ে তারা। বিকট শব্দের পর হামলাকারীরা দ্রুত মোটরসাইকেল নিয়ে সটকে পড়ে।

​ঘটনার হঠাৎ আকস্মিকতা এবং গুলির শব্দে তীব্র আতঙ্কে পড়ে অসুস্থ হয়ে পড়েন জজ মিয়া। আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মো. জজ মিয়া জানান,​”রাতে কার্যালয়ে থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা ব্যক্তিরা আমার দিকে লেজার লাইট মারছিল। এরপরই আমাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।”

​ঘটনার খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম এবং শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলমসহ পুলিশের একাধিক টিম এলাকাটি পরিদর্শন করে। পুলিশ প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহের পাশাপাশি হামলাকারীদের আসা-যাওয়ার পথ শনাক্ত করার চেষ্টা করছে।

​শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, ঘটনার সংবাদ পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।আলামত ও তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ চলছে।​এটি রাজনৈতিক বিরোধ, ব্যক্তিগত শত্রুতা নাকি কোনো মহল থেকে ভয় দেখানোর উদ্দেশ্যে করা হয়েছে—সবদিক বিবেচনায় রেখে তদন্ত চালানো হচ্ছে।​জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।