কালিয়াকৈরে কিশোরীর গোসলের ভিডিও ধারণ: যুবকের ৬ মাসের কারাদণ্ড
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীর গোসলের গোপন ভিডিও ধারণের অপরাধে ফুলচান নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সফিপুর এলাকায় এক কিশোরী গোসল করার সময় অভিযুক্ত যুবক ফুলচান গোপনে তার ভিডিও ধারণ করছিল। বিষয়টি টের পেয়ে কিশোরীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা হাতেনাতে তাকে ধরে ফেলে। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়।

সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের টিম ঘটনাস্থলে পৌঁছায়। অপরাধ স্বীকার করায় আদালত পরিচালনা করে অভিযুক্ত ফুলচানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এ ধরনের অপরাধ দমনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও ইভটিজিং ও নারীদের সুরক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্ত যুবককে সাজা পরোয়ানা দিয়ে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।