​শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডু.বে দুই স্কুলছাত্রের মৃ.ত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে সুতিয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বাপ্তা বেলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সুতিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। এই হৃদয়বিদারক ঘটনায় নিহত শিশুদের পরিবারে চলছে শোকের মাতম।

​নিহতরা হলো—বেলদিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাহমুদুল হাসান রাব্বি (১১) এবং বাপ্তা গজারগাছিয়া গ্রামের রুহুল আমিন শেখের ছেলে মো. মুস্তাকিম (১২)। তারা উভয়েই কাওরাইদ ইউনিয়নের বাপ্তা বেলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবারে বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষ করে রাব্বি ও মুস্তাকিম কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশের সুতিয়া নদীতে সাঁতার কাটতে যায়। সাঁতার কাটার একপর্যায়ে একজন সাঁতারে অনভিজ্ঞ হওয়ায় অপরজনকে জড়িয়ে ধরে। এতে দুজনেই পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।

​এ সময় তাদের সাথে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে স্বজন ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে নদী থেকে তাদের উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

​একই সঙ্গে সহপাঠী দুই শিশুর এমন অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।