গফরগাঁওয়ে পুকুরে ডু.বে ফুফাতো-মামাতো ভাই-বোনের ক.রু.ণ মৃ.ত্যু

গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁওয়ে খেলাধুলার সময় পুকুরের পানিতে ডুবে সাফা ও সাইফানা নামে তিন বছর বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা আপন ফুফাতো-মামাতো ভাই-বোন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

​নিহত সাফা পালইকান্দা গ্রামের মাজহারুল ইসলামের ছেলে এবং সাইফানা একই গ্রামের নুরুল ইসলামের মেয়ে। সাফার বাবা মাজহারুল ইসলাম ও সাইফানার মা সাদিয়া আক্তার সম্পর্কে আপন ভাই-বোন।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে সাফা ও সাইফানা বাড়ির উঠানে এক সাথে খেলছিল। খেলাধুলার একপর্যায়ে পরিবারের সবার অজান্তে তারা বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। বেশ কিছুক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের ভাসমান ও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

​পরে দ্রুত উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মিথুন শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

​একই পরিবারের দুই শিশুর এমন অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। ভাই-বোনের দুই সন্তানের এই করুণ পরিণতিতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।