শ্রীপুরে বিএনপি নেতা কালাম মিয়ার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার: সংবাদ সম্মেলনে প্রতিবাদ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে বিভ্রান্তিকর, আপত্তিকর ও মানহানিকর তথ্য-ভিডিও প্রচারের অভিযোগ করেছেন গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. কালাম মিয়া। এ ঘটনায় তিনি শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় নিজ মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. কালাম মিয়া বলেন, বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে তার নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে নানা ধরনের পোস্ট ও ভিডিও প্রকাশ করা হচ্ছে। এসব পোস্টের কারণে তার সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ হচ্ছে এবং পরিচিতজনসহ সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।
তিনি দাবি করেন, এসব ফেসবুক আইডি, পেজ কিংবা সংশ্লিষ্ট পোস্ট ও ভিডিওর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তার নাম-পরিচয় ব্যবহার করে কেউ কোনো বক্তব্য, ভিডিও বা পোস্ট প্রচার করলে তার দায়ভারও তিনি নেবেন না বলে জানান।

কালাম মিয়া আরও বলেন, বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনতে ইতোমধ্যে শ্রীপুর থানায় একটি জিডি করা হয়েছে। জিডিতে সংশ্লিষ্ট ফেসবুক আইডি ও পেজের পোস্ট-ভিডিও পর্যালোচনা করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ভবিষ্যতে তার পরিচয় ব্যবহার করে কেউ যাতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য বা ভিডিও প্রচারের আগে এর সত্যতা যাচাই করার জন্য সাংবাদিক ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান কালাম মিয়া।
তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান। পাশাপাশি তার জিডিতে উত্থাপিত অভিযোগগুলো যাচাই করে প্রকৃত ঘটনা জনগণের সামনে তুলে ধরার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।