মাদক সন্ত্রাস চাঁদাবাজ নির্মূলে সামাজিক আন্দোলনের বিকল্প নেই, এসপি গাজীপুর।

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের নবাগত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিনের সঙ্গে জেলার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে গাজীপুর জেলা পুলিশের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে গাজীপুর জেলা ও বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ জেলার শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ, অপরাধ দমন, সাধারণ মানুষের নিরাপত্তা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকরা তাদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

সভায় গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এ কে এম রিপন আনসারী বক্তব্য রাখেন। তিনি মাদক সন্ত্রাস ও চাঁদাবাজীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তিনি গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে পুলিশ প্রশাসনের সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় নবাগত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন সাংবাদিকদের বিভিন্ন বক্তব্য ও মতামত শোনেন। তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন।
মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা এবং গাজীপুরের বিভিন্ন উপজেলা ও প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।