চুরি-ছিনতাই ও মাদকের দৌরাত্ম্যে অতিষ্ঠ শ্রীপুরবাসী, অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: চুরি-ছিনতাই ও মাদকের অনিয়ন্ত্রিত প্রকোপে চরম অতিষ্ঠ হয়ে এবার প্রতিবাদে রাজপথে নেমেছেন গাজীপুরের শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর পাড়ার বাসিন্দারা। “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে অপরাধমুক্ত নিরাপদ শ্রীপুর গড়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

​শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ আসর শ্রীপুর উত্তর পাড়ায় আয়োজিত এই মানববন্ধনে দল-মত নির্বিশেষে সর্বস্তরের পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুহূর্তের মধ্যেই সামাজিক প্রতিবাদে রূপ নেয়।

​মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকায় দিন দিন চুরি ও ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। প্রতিদিনের এমন ঘটনায় সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

বক্তাদের মতে, মাদকই এই অপরাধের মূল কারণ—কিশোর ও তরুণদের একটি বড় অংশ মাদকের টাকা যোগাতে গিয়ে চুরি ও ছিনতাইয়ের মতো মারাত্মক অপরাধে জড়িয়ে পড়ছে। সম্মিলিত উদ্যোগে চুরি, ছিনতাই ও মাদকমুক্ত একটি নিরাপদ শ্রীপুর উত্তর গড়ে তোলাই এখন ওই অঞ্চলের সর্বস্তরের মানুষের প্রধান দাবি।

​অপরাধ নিয়ন্ত্রণে কেবল প্রশাসনের ওপর নির্ভর না করে সামাজিক ঐক্যের ওপর জোর দিয়ে বক্তারা বলেন, “অপরাধীদের কোনো সমাজ বা দল নেই। এদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া বন্ধ করতে হবে।” পাশাপাশি এলাকায় অপরাধের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ, নিয়মিত টহল জোরদার এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তারা।

​উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, আমানউল্লাহ, মো. শাহীন, রফিকুল ইসলাম প্রধান, সুরুজ জামান, জামাল উদ্দিন, মাসুদ রানা, মো. মজিবুর রহমান প্রধান, সানোয়ার মন্ডল ও মো. ফরিদ আহমেদসহ স্থানীয় সাধারণ পেশাজীবী মানুষ।