গাজীপুরে এসআরবি-১-এর বিশেষ অভিযান: ২ পিস্তল, ৪ ম্যাগাজিন ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

​গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১) বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ছয় রাউন্ড তাজা গুলি ও একটি গুলির খোসাসহ মো. রাসেল রানা নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

​বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জানাকুর-রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এলাকায় রাসেলের নিজ বসতবাড়িতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার রাসেল রানা ওই এলাকার আসাদুল্লাহর ছেলে।

​এসআরবি-১ সূত্রে জানা গেছে, রাসেল রানা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী আধিপত্য বিস্তার করে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিলেন। চাঁদা না দিলে ভুক্তভোগীদের প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

​গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১-এর সিপিএসসি গাজীপুর ও সিপিসি-১ উত্তরা, ঢাকার যৌথ টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন সিপিএসসি গাজীপুরের পোড়াবাড়ী কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ এবং স্কোয়াড কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) দেবজিৎ পাল।অভিযানে সংস্থাটির ২৫ থেকে ৩০ জন সদস্য অংশ নেন।

​মিডিয়া ব্রিফিংয়ে সিনিয়র এএসপি দেবজিৎ পাল জানান, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গুলির উৎস কী এবং এগুলো কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার সঙ্গে অন্য কোনো চক্র জড়িত রয়েছে কি না তাও তদন্ত করা হচ্ছে।

​এ ঘটনায় রাসেল রানার বিরুদ্ধে অস্ত্র আইনে জয়দেবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার করা আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।