​শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
​
গাজীপুর:
গাজীপুরের শ্রীপুরে শেখ হাসিনার জন্মদিন পালনের প্রস্তুতি নেওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন স্টার পাম্পে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাঁদের আটক করেন। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ ওই নেতাকর্মীদের গ্রেপ্তার করে।

​শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—হাসিবুল হাসান অন্তর, কাওসার আহমেদ, আবু রায়হান, সাকিবুল হাসান, মাহমুদুল হাসান, হাসিবুল, তাহসিন, তামিম, মাহফুজ, নাজমুস সাকিব, আসাদুজ্জামান ও আফজাল হোসেন জয়।

​জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বৃহস্পতিবার রাত আটটার দিকে শেখ হাসিনার জন্মদিন পালন উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন স্টার পাম্পে জড়ো হচ্ছিলেন। বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাঁদের আটক করে পুলিশে খবর দেন। তাৎক্ষণিক শ্রীপুর থানার ওসি ঘটনাস্থল থেকে আটককৃতদের উদ্ধার করেন। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের রাজনৈতিক পরিচয় শনাক্তের পর গ্রেপ্তার করা হয়।

​শ্রীপুর থানার সেকেন্ড অফিসার ও উপ-পরিদর্শক মো. আ. জলিল বিষয়টি নিশ্চিত করে জানান, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বৃহস্পতিবার রাতে আটক করেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের নাম ও রাজনৈতিক পরিচয় শনাক্ত শেষে একটি মামলায় সংযুক্ত করে শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়।