শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা এলাকায় পচা মাংস বিক্রির অভিযোগে মো. চান মিয়া নামের এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানকালে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফ হোসেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এক ব্যবসায়ী পচা মাংস বিক্রি করেছে এমন খবরের ভিত্তিতে নিজ মাওনা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পচা ও অস্বাস্থ্যকর মাংস বিক্রির বিষয়টি প্রমাণিত হওয়ায় ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন’ এবং ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’ অনুযায়ী অভিযুক্ত ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।