শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মুখোমুখি হয়ে তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন মেয়র পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা মো. নাসিম মণ্ডল।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মালেক মাস্টারের বাড়ি সংলগ্ন মাঠে স্থানীয় জনগণের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

সিকান্দার মাস্টারের সভাপতিত্বে এবং খোরশেদ আলম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেয়র পদপ্রার্থী মো. নাসিম মণ্ডল।
উঠান বৈঠকে এলাকার সাধারণ বাসিন্দারা মুক্ত আলোচনায় অংশ নিয়ে তাঁদের বিভিন্ন আঞ্চলিক সমস্যা, নাগরিক সেবার অভাব এবং এলাকার সার্বিক উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।

সাধারণ মানুষের কথা শোনার পর প্রধান অতিথির বক্তব্যে নাসিম মণ্ডল বলেন,”পৌরবাসীকে সাথে নিয়ে একটি আধুনিক ও তিলোত্তমা শ্রীপুর গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের মতামতকে প্রাধান্য দিয়ে অবহেলিত এই পৌরসভার প্রতিটি ওয়ার্ডে নাগরিক সেবা নিশ্চিত করা হবে।”
তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, জনগণের সমর্থন পেয়ে নির্বাচিত হতে পারলে পৌরসভার প্রতিটি এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন এবং প্রশাসনিক সেবাসমূহ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

আয়োজকরা জানান, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন, সমস্যা চিহ্নিতকরণ এবং শ্রীপুর পৌরসভার ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও এলাকার সার্বিক উন্নতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করা হয়। উক্ত উঠান বৈঠক ও দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুল সংখ্যক সাধারণ সমর্থক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।