শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর পৌরসভাকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত করে একটি নিরাপদ ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সাবেক ছাত্রনেতা, তরুণ সমাজসেবক ও মেয়র পদপ্রার্থী মো. নাসিম মন্ডল।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ আছর শ্রীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কেওয়া এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। আমীর উদ্দিনের সভাপতিত্বে এবং খোরশেদের সঞ্চালনায় সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, তরুণ ও সাধারণ নাগরিকেরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার নাগরিক দুর্ভোগ, মাদক সমস্যা ও কিশোর অপরাধসহ নানা সংকট তুলে ধরেন। উপস্থিত বক্তারা এলাকার উন্নয়ন, নাগরিক সেবা সুনিশ্চিত করা এবং তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সভায় মো. নাসিম মন্ডল বলেন, “শ্রীপুরকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও পরিকল্পিত পৌরসভা বানাতে হলে জনগণের সরাসরি অংশগ্রহণ প্রয়োজন। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের পাশাপাশি তরুণদের জন্য খেলাধুলা, শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে কাজ করলে এলাকার অধিকার ও মৌলিক সেবাগুলো নিশ্চিত করে একটি সুন্দর শ্রীপুর গড়া সম্ভব।”