মাদক-সন্ত্রাসমুক্ত নিরাপদ শ্রীপুর গড়ার প্রত্যয় নাসিম মন্ডলের মতবিনিময় সভা
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভাকে মাদক ও সন্ত্রাসমুক্ত, নিরাপদ, আধুনিক ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মেয়র পদপ্রার্থী মো. নাসিম মন্ডল। তিনি বলেছেন, নাগরিকদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করাই হবে পৌরসভার প্রধান দায়িত্ব।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টায় শ্রীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের কড়ইতলা এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ড. শহীদুল্লাহর সভাপতিত্বে এবং খোরশেদ আলম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মো. নাসিম মন্ডল। সভায় আরও বক্তব্য দেন বুলবুল মন্ডল, সৌরভ ও সাবেক ছাত্রনেতা রিপন।
মতবিনিময় সভায় পৌর এলাকার নাগরিক সমস্যা, জননিরাপত্তা, মাদক প্রতিরোধ, সন্ত্রাস নিয়ন্ত্রণ এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও মতামত তুলে ধরেন।

মো. নাসিম মন্ডল বলেন, “নাগরিক সুবিধা হবে সবচেয়ে বড় সুবিধা।” পৌরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, একটি নিরাপদ ও সুন্দর পৌরসভা গড়ে তুলতে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়; জনপ্রতিনিধি, তরুণ সমাজ ও সাধারণ নাগরিকদের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।

তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি। সভা শেষে তরুণদের মাঝে দুটি ফুটবল উপহার দেন মেয়র পদপ্রার্থী মো. নাসিম মন্ডল। মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।