শ্রীপুরে বিরোধপূর্ণ জমিতে অগ্নিদগ্ধ হয়ে যুবকের রহস্যজনক মৃত্যু; এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে বিরোধপূর্ণ জমির একটি তালাবদ্ধ জরাজীর্ণ ঘরে অগ্নিদগ্ধ হয়ে দেলোয়ার হোসেন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। স্বজন ও স্থানীয়দের ধারণা, পেট্রল ছিটিয়ে ঘরে আগুন দিয়ে তাকে হত্যা করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাঁটিয়াবাড়ি গ্রামের খাসপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের মো. বদু মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে রাজাবাড়ি ইউনিয়নের খাসপাড়া এলাকায় বসবাস করতেন।
নিহতের বাবা বদু মিয়া বলেন, “আগুনে আমার ছেলের পুরো শরীর ঝলসে গিয়েছিল। বখাটেরা তাকে পুড়িয়ে মেরেছে। যারা আমার ছেলেকে এভাবে হত্যা করেছে, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

তিনি জানান, প্রথমে দেলোয়ারকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিরোধপূর্ণ জমির মালিক হুরমত আলী শেখ বলেন, “জমি নিয়ে চাচাতো ভাই ফাইজুদ্দিনদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। জমি পাহারা দেওয়ার জন্য টিনশেডের একটি ঘর করা আছে, যা দিনে তালাবদ্ধ থাকে এবং রাতে ব্যবহার করা হয়। ঘটনার রাতে আমি রাজেন্দ্রপুর বাজারে ছিলাম। আগুন লাগার খবর পেয়ে এসে দেখি ঘরটি দাউদাউ করে জ্বলছে। ভেতর থেকে চিৎকারের শব্দ শুনে স্থানীয়দের সহযোগিতায় তালা খুলে তাকে মারাত্মক দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।”

তিনি আরও জানান, ঘরের ভেতরে পেট্রল ও কেরোসিনের তীব্র গন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, পেট্রল ছিটিয়ে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে। নিহত যুবক কীভাবে ওই ঘরে এলো, তা তিনি বলতে পারেননি।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্ত চলছে এবং ঘটনার মূল কারণ উদঘাটনে পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।