শ্রীপুরে বর্জ্যবাহী লরিচাপায় সাবেক বিএনপি নেতার মর্মান্তিক মৃত্যু; চালক আটক
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে পোল্ট্রি ফার্মের বর্জ্য বহনকারী লরির চাপায় সিদ্দিকুর রহমান (৫৫) নামে এক বিএনপি নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে শ্রীপুর পৌর শহরের রেলগেট এলাকায় নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লি: এর একটি বর্জ্যবাহী লরি তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত সিদ্দিকুর রহমান শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মৃত হাছেন আলীর ছেলে। তিনি শ্রীপুর পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সিদ্দিকুর রহমান রেলগেট এলাকায় সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির বর্জ্য বহনকারী একটি লরি পেছন থেকে তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সড়কে পড়ে গেলে লরির পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহতের বড় ভাই মোস্তফা জানান, “সিদ্দিক সকালে বাড়ি থেকে বাজারে এসেছিল। রেলগেট পার হয়ে সড়কের পাশ দিয়ে হাঁটার সময় পেছন থেকে লরিটি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। লরির পেছনের চাকায় পিষ্ট হয়ে তার মাথা ও পাঁজরের হাড় গুঁড়ো হয়ে যায়।”
ঘটনার পর পর স্থানীয় উৎসুক জনতা ঘাতক লরিটিসহ চালক ইউসুফকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বর্জ্যবাহী লরি এবং এর চালককে আটক করা হয়েছে। নিহতের স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।