কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির পেট থেকে মিলল অর্ধশতাধিক গ্যাস লাইটার,নেইল কাটার ও ইটের টুকরা
গাজীপুর: গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির পেটে অস্ত্রোপচার করে অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা উদ্ধার করেছেন চিকিৎসকরা। পেটে তীব্র ব্যথা ও শারীরিক জটিলতা দেখা দেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হয়।
কারাগার সূত্রে জানা যায়, কয়েদি হাসমত আলী (৪৪) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের মৃত ছমেদ আলী ওরফে ছমের ছেলে। একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে তিনি দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি রয়েছেন।
গত ৩১ অক্টোবর রাত ৭টা ২০ মিনিটে তাঁকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
কারা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, হাসমত আলী ‘অ্যাকিউট অ্যাবডোমিনাল উইথ এপিগ্যাস্ট্রিক মাস’ (Acute Abdominal with Epigastric Mass) নামক জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ৪ নভেম্বর সেখানে তাঁর পেটে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের সময় তাঁর পেট থেকে প্রায় অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার, স্ক্রু এবং ইটের টুকরা উদ্ধার করা হয়।
এ বিষয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন জানান, হাসমত আলী দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত। তাঁর বাবা হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কারাগারে বন্দি অবস্থায় তিনি মানসিক কষ্ট ভুলে থাকতে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরে কারা কর্তৃপক্ষ তাঁকে পরিচ্ছন্নতাকর্মীর (সুইপার) দায়িত্ব দেয়।

জেল সুপার আরও জানান, পরিচ্ছন্নতার কাজ করার সময় তিনি ময়লা-আবর্জনা থেকে গ্যাস লাইটারসহ বিভিন্ন বস্তু সংগ্রহ করে একপর্যায়ে সেগুলো গিলে বা খেয়ে ফেলতেন। পরবর্তীতে পেটে তীব্র ব্যথা শুরু হলে বিষয়টি নজরে আসে এবং তাঁকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর পেটে এসব বস্তু থাকার বিষয়টি নিশ্চিত হয়ে চিকিৎসকরা সফল অস্ত্রোপচার করেন।
হাসপাতাল ও কারা সূত্রে জানা গেছে, বর্তমানে কয়েদি হাসমত আলী সুস্থ রয়েছেন। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জের অধীনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।