শ্রীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় এ বিক্ষোভ চলাকালে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ এবং লাঠিপেটা করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় কয়েকজন শ্রমিক সামান্য আহত হয়েছেন।

শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে কারখানায় প্রবেশ করলেও উৎপাদন কাজ শুরু না করে ভেতরে অবস্থান নেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আসপাড়া এলাকায় শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পুলিশ তাদের সরে যেতে বললে সংঘর্ষ বাধে এবং পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়।
বেলা ১১টার দিকে মহাসড়কের আনসার রোড এলাকা থেকে কয়েকটি কারখানার শ্রমিকরা মিছিল নিয়ে মাওনা চৌরাস্তার দিকে রওনা হন। পথে আরও কয়েকটি কারখানার শ্রমিকরা মিছিলে যোগ দিলে তা বড় আকার ধারণ করে। তারা মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন।
বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ও আনসার সদস্যরা সেখানে পৌঁছালে শ্রমিকরা সরে গিয়ে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের চন্নাপাড়া এলাকায় অবস্থান নেন। সেখানে আনসার সদস্যরা তাদের বুঝিয়ে সড়ক ছাড়ার অনুরোধ করলে শ্রমিকরা তা উপেক্ষা করে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। একপর্যায়ে পুলিশ ও আনসার সদস্যরা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকদের মধ্যে ছোটাছুটি শুরু হয়। পরে লাঠিপেটা করে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরও মাঠে দেখা গেছে। শ্রীপুর পৌর বিএনপির সদস্য বিল্লাল হোসেন বেপারি এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধার নেতৃত্বে বিএনপি, ছাত্রদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি শান্ত করতে প্রশাসনকে সহযোগিতা করেন।
এদিকে অবরোধ চলাকালে মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। সকাল থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা বিবেচনায় আশপাশের বেশ কয়েকটি কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে।

অন্যদিকে, সকালে শ্রীপুর পৌর বিএনপির যুগ্ন-আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারীর বাড়িতে হামলার চেষ্টা করে দুর্বৃত্তরা।পরে নেতাকর্মী ও পুলিশের উপস্থিতি টেরপেয়ে তারা পালিয়ে যায়।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল জানান, শ্রমিকরা সকাল থেকেই বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে সড়ক-মহাসড়ক অবরোধের চেষ্টা করছিলেন। এক স্থান থেকে সরিয়ে দিলে তারা অন্য স্থানে গিয়ে জড়ো হচ্ছিলেন। বেলা ১১টার দিকে আনসার রোড এবং পরে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে অবরোধ সৃষ্টি করলে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।