শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে নেশার টাকার জন্য মাদকাসক্ত ছেলে বৃদ্ধ বাবার ৪দিন ঘরে আটকে রেখে নির্যাতন চালিয়ে হাত ভেঙ্গে দিয়েছে। রাতে স্থানিয়রা অভিযুক্ত রাসেল সরদারকে (৩০) আটক করে পুলিশ দিয়েছে। পরে পুলিশের পক্ষ থেকে তার ডোপ টেস্ট করা হলে রিপোর্টে মাদকের প্রমান মেলে। এতে মঙ্গলবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলামের মোবাইলকোর্ট রাসেলকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। উপজেলার গোসিংগা ইউনিয়নের হায়াতখারচালা গ্রামে এ ঘটনা ঘটে। রাসেল সরদার ওই গ্রামের মাসুম সরদারের ছেলে।
স্থানীয়রা জানান, রাসেল সরদার একজন মাদকাসক্ত, নেশা টাকার জন্য সে হর হামেশাই তার বৃদ্ধ বাবা মাকে অত্যাচার নির্যাতন করতো। গত বৃহস্পতিবার থেকে রাসেল বৃদ্ধ বাবাকে ঘরে ৪দিন তালাবদ্ধ করে মারপিট করে একটি হাত ভেঙ্গে দেয়। মারপিট করে বৃদ্ধ মাকেও বাড়ি থেকে বের করে দেয়। বিষয়টি জেনে স্থানীয়রা পুলিশের খবর দেয়। পরে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে রাসেলকে গ্রেফতার করে । সোমবার তাকে সরকারি কমিশনার (ভূমি) মোঃ সাইদুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে তার ডুপ টেস্ট করানো হয়। মঙ্গলবার বিকেলে ডুপ টেষ্টের রিপোর্টে মাদকাসক্তির বিষয়টি প্রমাণিত হয়। পরে ভ্রাম্যমান আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
শ্রীপুর থানা উপ-পরিদর্শক (এসআই) মোঃ কুদ্দুস জানান, বাবার হাত ভাঙ্গার অপরাধে মাদকাসক্ত রাসেলকে ভ্রাম্যমান আদালত দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।