শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ওশিন স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকরা।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অবরোধের ঘটনা ঘটে। এতে মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরবর্তীতে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং কারখানা মালিক পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বেতন পরিশোধের আশ্বাস দিলে ৩০ মিনিট পর শ্রমিকরা অবরোধ তুলে নেন। এরপর যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

আন্দোলনরত শ্রমিকরা জানান, তারা গত জুলাই মাসের বকেয়া বেতনের দাবি জানিয়ে আসছিলেন। কারখানা কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও বেতন পরিশোধ করেনি। এছাড়াও কারখানার কয়েকটি বিভাগে ২ থেকে ৩ মাসের বেতন বকেয়া রয়েছে বলে তারা অভিযোগ করেন।

রবিবার সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিয়ে আবারও বেতনের দাবি জানান। দিনভর বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হলেও সন্ধ্যা পর্যন্ত তা না পেয়ে ক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে নেমে এসে অবরোধ শুরু করেন।অবশেষে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের যৌথ আশ্বাসে শ্রমিকরা তাদের কর্মসূচি স্থগিত করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।