শ্রীপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: সংবাদ প্রকাশের জেরে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মামলায় জড়িয়ে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন দৈনিক আমার দেশ-এর শ্রীপুর প্রতিনিধি এস এম জহিরুল ইসলাম। গাজীপুরের আদালতে দায়ের করা একটি ফৌজদারি মামলায় তাঁকে প্রধান আসামি করা হয়েছে। মামলাটিকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে এর নিরপেক্ষ তদন্ত, হয়রানি বন্ধ এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
জহিরুল ইসলাম জানান, শাহনাজ নামের এক ব্যক্তি গাজীপুরের আদালতে একটি ফৌজদারি মামলা (মামলা নং: ২৫১২/২৬) দায়ের করে তাঁকে প্রধান আসামি করেছেন। মামলায় উল্লেখ করা কথিত ঘটনার সাথে তাঁর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। জহিরুল ইসলামের পাশাপাশি হুমায়ূন রশিদ, জসিম উদ্দিন ও ইসমাইল হোসেন নামের আরও কয়েকজনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ মামলায় জড়ানো হয়েছে।

ঘটনার পটভূমি উল্লেখ করে তিনি জানান, শ্রীপুরের তালতলী এলাকার একটি জমি সংক্রান্ত বিরোধ নিয়ে তিনি তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করেছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে আইন উদ্দিন ও তাঁর ছেলে আলমাছ উদ্দিন তাঁকে বিভিন্নভাবে হয়রানির হুমকি দেন। পরবর্তীতে নিজের নিরাপত্তার স্বার্থে তিনি শ্রীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই জিডির পর আইন উদ্দিনের মেয়ে শাহনাজ বাদী হয়ে আদালতে এ মামলা দায়ের করেন। পুলিশ সূত্রে তিনি নিশ্চিত হয়েছেন, এ ধরনের কোনো কথিত ঘটনা নিয়ে আগে শ্রীপুর থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।
জহিরুল ইসলাম বলেন, “সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে এভাবে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য বড় হুমকি। আমি চাই নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করা হোক। তথ্য-প্রমাণের ভিত্তিতে আমার সম্পৃক্ততা না পাওয়া গেলে মামলাটি খারিজসহ মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।”
একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গাজীপুর ও শ্রীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সহকর্মীদের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার এবং পাশে থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।