শ্রীপুরে চাঁদা না পেয়ে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে কোটি টাকা চাঁদা দাবি এবং চাঁদা না পেয়ে পৈতৃক জমিতে নির্মিত বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. আব্বাস আলী ফকির।
এ ঘটনায় তেলীহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লেয়াকত আলী ফকিরসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামি করে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মো. আব্বাস আলী ফকির জানান, উপজেলার মুলাইদ মৌজায় এস.এ ২৯৮ ও আর.এস ৩৪ নং খতিয়ানভুক্ত ১২ শতাংশ জমি তিনি পৈতৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়ে ভোগদখল করে আসছিলেন। সম্প্রতি উক্ত জমিতে টিনের বেড়া দিয়ে ঘর নির্মাণের প্রস্তুতি নিলে তেলীহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লেয়াকত আলী ফকির ও তাঁর সহযোগীরা তাঁর নিকট ১ কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা জমিতে কোনো প্রকার নির্মাণকাজ করতে দেওয়া হবে না বলে নানা ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।

পরবর্তীকালে ভুক্তভোগী জমিতে টিনের বেড়া দিয়ে একটি ছাপড়া ঘর নির্মাণ করেন। এরই ধারাবাহিকতায় গত ১৩ অক্টোবর গভীর রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৪০-৫০ জনের একদল দুর্বৃত্ত এই তাণ্ডব চালায়। তারা ঘরের টিনের বেড়া, পিলারসহ বিভিন্ন স্থাপনা কুপিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়। এ সময় দুর্বৃত্তরা ঘর নির্মাণের প্রায় ২ লাখ টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায়।
আব্বাস আলী ফকির আরও অভিযোগ করেন, ভাঙচুরের শব্দ পেয়ে তিনি ঘটনাস্থলে এগিয়ে গিয়ে প্রতিবাদ জানালে অভিযুক্তরা তাঁকে গালাগাল, মারধর এবং প্রাণনাশের হুমকি দেয়। সংবাদ সম্মেলন থেকে তিনি এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তপূর্বক দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে জানাতে লেয়াকত ফকিরের মুঠোফোন যোগাযোগ করিলে তার নান্বারটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম জানান, “গভীর রাতে সীমানা প্রাচীর ও ঘরবাড়ি ভাঙচুরের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টির তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”