শ্রীপুরে বিকাশ ডিস্ট্রিবিউটরের গাড়িতে গুলি চালিয়ে ২ কোটি ৩০ লাখ টাকা ছিনতাই, থানায় মামলা দায়ের
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে ‘বিকাশ’-এর ডিস্ট্রিবিউটরের গাড়িতে গুলি ও হামলা চালিয়ে ২ কোটি ৩০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, শ্রীপুরে বিকাশের কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড শ্রীপুর’-এর শুক্রবার ব্যাংক বন্ধ থাকা ও স্থানীয় গার্মেন্টস শ্রমিকদের বেতনের চাপের কারণে নগদ টাকার তীব্র সংকট দেখা দেয়। এ পরিস্থিতি সামাল দিতে নরসিংদী সদরের বিকাশ ডিস্ট্রিবিউটর হযরত আলী মুন্সীকে ডিজিটাল ব্যালেন্স দিয়ে তিনটি প্লাস্টিকের বস্তায় মোট ৪ কোটি নগদ টাকা নিয়ে প্রাইভেটকার যোগে মাওনা চৌরাস্তার কার্যালয়ে ফেরা হচ্ছিল।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০-১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়িটির গতিপথ রোধ করে। ছিনতাইকারীরা চাপাতি দিয়ে গাড়ির কাচ ভেঙে প্রতিষ্ঠানের হিসাব ব্যবস্থাপক হিমেল আহমেদকে (২৯) লক্ষ্য করে গুলি চালায়, যা তার পেটের ডান পাশে লাগে। এ সময় অপর কর্মকর্তা ফাহাদ হোসেনকে (৩৫) কুপিয়ে জখম করা হয় এবং চালককে বেধড়ক মারধর করে দুর্বৃত্তরা।

পরে গাড়ির পেছনের সিটে থাকা তিনটি প্লাস্টিকের বস্তার মধ্যে দুটি বস্তা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে গাড়িতে থাকা অবশিষ্ট বস্তা গণনা করে ১ কোটি ৭০ লাখ টাকা পাওয়া যায়। ফলে দুটি বস্তায় ২ কোটি ৩০ লাখ টাকা ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করে ডিস্ট্রিবিউটর কর্তৃপক্ষ।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ছিনতাই হওয়া টাকা উদ্ধার এবং জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারে শ্রীপুর থানা পুলিশ, গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), এসআরবি ও পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক যৌথ টিম অভিযান পরিচালনা করছে।