শ্রীপুরে ১২০ পিস ইয়াবা উদ্ধার; এক পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার-৩
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) এক কনস্টেবলসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড় ১১টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া বাজার এলাকার একটি বাড়ি থেকে স্থানীয় জনতা তাদের হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।
গ্রেফতারকৃতরা হলেন,গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত কনস্টেবল সারোয়ার মোর্শেদ (৩৮), শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে সবুজ মিয়া (৩২) এবং রংপুর জেলার কাউনিয়া থানার বিষ্ণুপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে জাহাঙ্গীর আলম (৩৮)। জাহাঙ্গীর কেওয়া পূর্বখণ্ড এলাকার মোশাররফ হোসেনের বাড়ির ভাড়াটিয়া।

স্থানীয় সূত্রে জানা যায, প্রায় এক মাস আগে শ্রীপুর পৌরসভার কেওয়া বাজারের পাশে মোশাররফ হোসেনের বাড়িটি ভাড়ানেন জাহাঙ্গীর আলম। ভাড়া নেওয়ার পর থেকেই ওই বাসায় বহিরাগত ও মাদকসেবীদের আনাগোনা বাড়তে থাকে। বিষয়টি স্থানীয় অধিবাসীদের সন্দেহ হলে শুক্রবার রাতে তারা ওই বাড়িতে নজরদারি শুরু করেন। একপর্যায়ে বাড়ির ভেতরে মাদকের কারবার ও সেবনের প্রমাণ পেয়ে স্থানীয় জনতা তাদের অবরুদ্ধ করে থানায় খবর দেন।
সংবাদ পেয়ে শ্রীপুর থানা-পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে বাড়ির বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ও সেবনরত অবস্থা থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তিনজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, “ঘটনাস্থল থেকে আটকদের থানায় আনার পর সারোয়ার মোর্শেদ যে পুলিশের একজন সক্রিয় কনস্টেবল, তা নিশ্চিত হওয়া গেছে। ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় ওই তিনজনের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। শনিবার দুপুরে আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”