গাজীপুরে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ‘নয়নপুর ২৫কে রান’ ম্যারাথন অনুষ্ঠিত
গাজীপুর: ‘শুরু করুন দৌড়, বন্ধ করুন মাদক’—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী ম্যারাথন প্রতিযোগিতা ‘নয়নপুর ২৫কে রান’। নয়নপুর যুবসমাজের উদ্যোগে আয়োজিত এই ম্যারাথনের মূল উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করা এবং সমাজে মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়া।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৬টায় রাজেন্দ্রপুর ল্যাবরেটরি স্কুলের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়। এতে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা সচেতন যুবসমাজ ও দৌড়বিদরা অংশ নেন। ‘মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন’—এমন বার্তার মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা একটি মাদকমুক্ত সমাজ গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদক আমাদের ধ্বংস করে দিচ্ছে। যুবসমাজকে মাদকের কারণে ধ্বংস হতে দেওয়া যাবে না। একটি সুস্থ জাতি ও সমাজ গঠনে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই।”

নয়নপুর যুবসমাজের আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন, সিআইডি কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মালেক, ডা. শফিক, অধ্যক্ষ মীর মনিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকবৃন্দ।
ম্যারাথন শেষে অংশগ্রহণকারী ও অতিথিরা যুবসমাজকে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে সম্পৃক্ত করে সামনের দিনে একটি সুস্থ, সবল ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।