কালীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পরিকল্পনা সভা অনুষ্ঠিত
মোঃ ইব্রাহিম খন্দকার
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি //
আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজওয়ানা রশিদের সভাপতিত্বে এবং ডাঃ আল আমিন হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন— ডাঃ নাহিদা খাতুন, ডাঃ জিসেলী ঘোষ মুনমুন, ডাঃ ফারজানা আক্তার, ডাঃ মোস্তফা আল হোসাইন, ডাঃ হাসিবুল হাসান, কালীগঞ্জ থানার ওসি (অপারেশন) মোঃ ইকবাল হোসেন, সিনিয়র স্টাফ নার্স কনক রোজারিও, প্রভা রানী দাস, সাবিনা ইয়াসমিন, চম্পা রানীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।
সভায় সভাপতি ডাঃ রেজওয়ানা রশিদ জানান, আগামী ২৮ জুন সারা দেশের মতো কালীগঞ্জেও সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও ১৯২টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে মোট ৩৫ হাজার ৯শত ২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ক্যাম্পেইনের দিন কোনো শিশু যেন বাদ না পড়ে, সেজন্য পরবর্তী ৪ দিনে প্রতিটি ওয়ার্ডে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে এই ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করা হবে।