বিক্রয়বিদ্যার বিবর্তন ও আধুনিক সেলস পেশা নিয়ে অধ্যাপক ড. মীজানুর রহমানের বই
প্রতিবেদক: মো. নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মীজানুর রহমান রচিত একটি নতুন বইয়ে একবিংশ শতাব্দীর দ্রুত পরিবর্তনশীল বাণিজ্যিক বিশ্বে বিক্রয়বিদ্যার গুরুত্ব, বিবর্তন ও আধুনিক কৌশল তুলে ধরা হয়েছে।
বইটির ভূমিকায় বলা হয়েছে, বিক্রয়বিদ্যা এখন আর কেবল একটি পেশা নয়; এটি একটি জীবন্ত শিল্প। প্রাচীন যুগের মুখের কথার চাতুর্য থেকে শুরু করে বর্তমান সময়ের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্ভর সেলস সিস্টেম পর্যন্ত বিক্রয়বিদ্যার বিবর্তনের ধারাবাহিক চিত্র বইটিতে তুলে ধরা হয়েছে।
বইটির অন্যতম বৈশিষ্ট্য হলো এর শেষাংশে সংযোজিত বিভিন্ন খাতভিত্তিক বিশেষায়িত অধ্যায়। দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি এফএমসিজি, ফার্মাসিউটিক্যালস, রিয়েল এস্টেট, ফিন্যান্সিয়াল প্রোডাক্টস, ইলেকট্রনিক্স এবং করপোরেট সেলস (বি২বি) নিয়ে পৃথকভাবে আলোচনা করা হয়েছে।
প্রতিটি খাতে ক্রেতার মনস্তত্ত্ব, বিক্রয়কর্মীদের বিভিন্ন চ্যালেঞ্জ এবং সফলতার গুরুত্বপূর্ণ কৌশল আলাদাভাবে তুলে ধরা হয়েছে। ফলে সংশ্লিষ্ট খাতের বিক্রয়কর্মী ও পেশাজীবীদের জন্য বইটি একটি কার্যকর পথনির্দেশিকা হিসেবে কাজ করতে পারে।
এ ছাড়া মার্কেটিং বিষয়ে একাডেমিক শিক্ষা গ্রহণের সুযোগ পাননি—এমন অসংখ্য বিক্রয়কর্মীর কথা বিবেচনা করে বইটির শেষে দুটি সংযোজনী যুক্ত করা হয়েছে। এগুলোর মাধ্যমে পাঠকরা সহজ ভাষায় মার্কেটিংয়ের মৌলিক ধারণা সম্পর্কে জানতে পারবেন।
বইটি প্রকাশ করেছে মেরিট ফেয়ার প্রকাশন। প্রকাশকের ঠিকানা: ১২ বাংলাবাজার, শিকদার ম্যানশন, ঢাকা-১১০০। বইটির অনলাইন পরিবেশক হিসেবে রয়েছে রকমারি (Rokomari.com)।
অধ্যাপক ড. মীজানুর রহমানের এই বইটি আধুনিক বিক্রয়বিদ্যা, মার্কেটিং এবং প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে পাঠকদের বাস্তব ও প্রয়োজনীয় ধারণা দিতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।