শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে পাঁচটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে ৬ কোটি ১৩ লাখ ৪৯ হাজার ৯ টাকা প্রাক্কলিত ব্যয়ে এই প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে।
রোববার সকালে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু প্রকল্প এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন শেষে আনুষ্ঠানিকভাবে এই উন্নয়নকাজের উদ্বোধন করেন।
এলজিইডি সূত্র জানায়, ‘গাজীপুর জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় উপজেলার পাঁচটি সড়কের মোট ৪ দশমিক ৪২ কিলোমিটার অংশ উন্নয়ন করা হবে। নির্ধারিত চুক্তিমূল্যে এই কাজ সম্পন্ন করা হচ্ছে। উন্নয়নকাজের আওতায় থাকা সড়কগুলো হলো— মার্তা বাজার-মার্তা খাল, প্রহলাদপুর- পোতাবাড়ী, প্রহলাদপুর হাইস্কুল-ভিটিপাড়া, দিঘীরচালা- চিনাশুকানিয়া এবং ভিটিপাড়া- জয়নারায়নপুর সড়ক।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে স্থানীয় কৃষিপণ্য পরিবহন সহজ হবে, শিক্ষার্থীদের যাতায়াতে সুবিধা হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ডা. শফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোসলেহ উদ্দিন মৃধা এবং শ্রীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস. এম. মাহফুল হাসান হান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সড়কগুলোর উন্নয়নকাজ শেষ হলে উপজেলার বিশাল একটি জনগোষ্ঠীর দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।