শ্রীপুর পৌর গরুর হাটে বর্জ্য পরিষ্কারের সময়
এক্সকাভেটর চাপায় প্রাণ গেল বৃদ্ধ ভিক্ষুকের
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পৌরসভার ময়লা অপসারণের সময় এক্সকাভেটর চাপায় সবুর আলী মুন্সি (৭০) নামে এক বৃদ্ধ ভিক্ষুকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর পৌর গরুর হাটে ময়লা অপসারণের কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুর আলী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের মৃত খোদানছ আলীর ছেলে।

নিহতের স্বজনরা জানান, ভিক্ষাবৃত্তি করে সংসার চালানো সবুর আলী সকালে বাজারে গেলে দুর্ঘটনাবশত এক্সকাভেটরটি তাকে চাপা দেয়। কোমর ও পায়ে মারাত্মক আঘাত পেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর কর্তৃপক্ষের সহায়তায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর দুপুরে তার মৃত্যু হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ড. অনিক সরকার জানান, গুরুতর আহত অবস্থায় আনা রোগীটির দুপুর ১টায় অস্ত্রোপচার শেষ হলেও আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নাহিদ ভূঁইয়া জানান, বর্জ্য অপসারণের সময় অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘটনা ঘটে। নিহতের একমাত্র কন্যাসন্তানের পড়াশোনাসহ পরিবারটির যাবতীয় দায়িত্ব সরকারের পক্ষ থেকে নেওয়া হবে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কুদ্দুস জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।